ঢাকাTuesday , 7 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালদায় ডিম ছাড়লো মা মাছ

Link Copied!

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। অপেক্ষায় থাকা আহরণকারীরা একেকটি নৌকায় ২০ থেকে ২৭ কেজি ডিম সংগ্রহ করতে পেরেছেন। আবার কোনোটিতে তারও বেশি ডিম সংগ্রহ করা হয়েছে। তবে সঠিক পরিমাণ বের করতে আরেকটু সময় লাগবে।মঙ্গলবার (৭ মে) ভোর ৬টার দিকে ভাটা শেষে হালদার রাউজান অংশের মইশকরম এলাকার চইল্যাখালি অংশে ১১টি নৌকায় এসব ডিম সংগ্রহ করা হয়।এর আগে, সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মা মাছ নদীর বিভিন্ন স্থানে ডিম ছাড়ে।
ডিম সংগ্রহকারী পাকিরাম দাশ, হরিরন্জন দাশ, সন্তোষ দাশ, সুজিত দাশ ও সুনিল দাশ জানান, তারা প্রায় ১১টি নৌকায় ডিম সংগ্রহ করেন। এতে প্রতিটি নৌকায় দুই থেকে আড়াই বালতি (এক বালতিতে ১০ কেজি) আবার অনেকগুলোতে প্রায় ৩ বালতি পরিমাণ ডিম সংগ্রহ করেন। সব মিলিয়ে আনুমানিক ২৮ বালতির বেশি কার্পজাতীয় মা মাছের ডিম সংগ্রহ করেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার স্বল্প পরিসরে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। জেলেরা ১১ টি নৌকার মাধ্যমে ডিম সংগ্রহ করেন। প্রতিটি নৌকায় গড়ে দুই থেকে আড়াই বালতি করে ডিম সংগ্রহ করেন। চলতি মাসের ৬ মে থেকে ১০ মে পর্যন্ত হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার অমাবস্যার জোঁ চলছে বলেও জানান তিনি।
ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে কার্পজাতীয় মাছের ডিম ছাড়ার প্রাকৃতিক অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই কেবল মা মাছ ডিম ছাড়ে। গড়ে ৫শ’৬শ’ জন স্থানীয় সংগ্রহকারী এসব ডিম সংগ্রহ করে মাটির তৈরি কূয়া বা হ্যাচারীতে ফুটিয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন পোনা উৎপাদন করে। জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ছে হালদার মৎস্য সম্পদের ওপর। এর প্রভাবে বিগত কয়েক বছর হালদা থেকে সংগৃহীত ডিমের পরিমাণ ব্যাপকহারে কমেছে।