নড়াইলে পানিতে ডুবে বোন ও ভাইয়ের মৃত্যু হয়েছে।গত শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহির গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত তিন্নি (৫) ও তানহা (৩) ওই গ্রামের জালাল মোল্লার সন্তান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালের দিকে মা-বাবার সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘেরের পাড় ধরে বাবা জালাল মোল্লা একটু দূরে এগিয়ে যান। কাজ থাকায় মাও বাড়িতে ফিরে যান। কিছু সময় পর ছেলে ও মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন তিনি।
এক পর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

