গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ। রোববার (৭ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তুষার মোহন সাধু খাঁ সমাধিসৌধের প্রশাসনিক ভবনের যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আদি পৈত্রিক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুর শাহিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধান চন্দ্র দে, খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামানুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপিডি, নির্বাহী প্রকৌশলী ও পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

