খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে খুলনার মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতারা হলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, যুবনেতা শেখ নাদিমুজ্জামান জনি, নাসিম, রবি, মহানগর ছাত্রদল নেতা হেলাল হোসেন গাজী ও বেলাল হোসেন গাজী।
আসামী পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, গত ১৭ জুলাই বে-আইনীভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে খুলনা থানার এসআই শরিফুল ইসলাম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৯৪ জনকে আসামি করে একটি মামলা করেন।
আসামিরা গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন প্রাপ্ত হয়ে ৫ সেপ্টেম্বর খুলনা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুনানীর দিন ধার্য করেন। শেষে মূখ্য মহানগর হাকিম মমিনুন নেছা আসামিদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আইনজীবী তুষার আরো বলেন, মামলার ১৪ জনের মধ্যে এবাদুল হক রুবায়েত অন্য মামলায় পুর্বে থেকে কারাগারে বন্দি আছে। অপর তিন আসামি মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন ও যুবদল নেতা আসাদুজ্জামান মিঠু আত্মসমর্পণ করেননি।

