ঢাকাMonday , 7 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর প্রকোপ: সিটি করপোরেশন-পৌরসভার পদক্ষেপ পর্যাপ্ত নয়

Link Copied!

ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত নয় মনে করছে সংস্থাটি।
সোমবার (৭ আগস্ট) দুপুরে মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
মানবাধিকার কমিশন জানায়, সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া উদ্বেগের। প্রতিদিন গড়ে ১০ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। ৭ আগস্ট সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর একদিনের সর্বোচ্চ। এ বছর এখন পর্যন্ত ৩০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
চিকিৎসকরা বলছেন- গত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীদের অবস্থা খুব তাড়াতাড়ি অবনতি হচ্ছে। এছাড়া এবার এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
কমিশন মনে করে, এমন অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত নয়। বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আর এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরও সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় এবার ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে।
কমিশন মনে করে, পুরো দেশে এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে অবশ্যই স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটকে কাজে লাগিয়ে সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজধানীসহ যেসব হটস্পট চিহ্নিত হয়েছে, সেসব জায়গায় জরুরি ভিত্তিতে মশার আবাসস্থল ধ্বংস করার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে সক্রিয় সম্পৃক্ততায় উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাসমূহকে আরও পরিপূর্ণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।