ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার পথে বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মো. আব্দুল আলী ওরফে আদু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার কোচপাড়া বিওপি মেইন পিলারের ৩৮২ এর ২ আয়রন ব্রিজ এর কাছে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল আলী ওরফে আদু হরিণমারী গ্রামের মোহাম্মদ এজাবুল ইসলামের ছেলে।
মৃত আব্দুল আলী ওরফে আদু এর মৃত্যু সম্পর্কে আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু কাছে জানতে চাইলে তিনি বলেন, আদুসহ ৭-৮ জন ভারত থেকে চোরাইপথে গরু আনতে গেলে তারা বিএসএফের ধাওয়া খায়। পরে সবাই ফিরে এলে আদু আর ফিরে আসে না। দুপুরের দিকে ভারতের ৬০ গজ কাছাকাছি আয়রন ব্রিজের নিচে তার লাশ দেখা যায়। এ ব্যাপারে আমরা বিজিবিকে জানাই।
বালিয়াডাঙ্গী সীমান্তের কর্তব্যরত বিজিবি সদস্যদের কাছে আদুর মৃত্যু সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, যেহেতু বিএসএফ আব্দুল আলী ওরফে আদুকে গুলি করে হত্যা করেনি সেহেতু তারা লাশ দিতে অস্বীকার করে। আমরা আশা করি, হয়তো আদুর লাশ তারা পানিতে ভাসিয়ে দিবে।

