সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির অজ্ঞাত পরিবহনের চাপায় আব্দুস সালাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জ জেলার সদর থানার শোলাকিয়া খরমপট্টি গ্রামের হাজী মো. এরশাদ উল্লাহ’র ছেলে। তিনি রাজধানীর কলাবাগান মিশুখান লেক এলাকার বাসিন্দা। সাভার ট্রাফিক পুলিশের সার্জেন্ট আশিকুর রহমান বোরহান জানান, সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় আব্দুস সালাম নামে ওই পথচারিকে অজ্ঞাতনামা একটি পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুত আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘাতক পরিবহনটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

