কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.ক.ম সরোয়ার জাহান বাদশার (এমপি) ফুপাতো ভাই হাসিনুর রহমানকে (৫২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এরপর সকাল পৌনে ৯টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত।
হাসিনুর রহমান দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মৃত ডা. জাকির হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নিশিকান্ত জানান, কয়েক বছর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় ঈদের দিন শাহাবুল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। শাহাবুলের হত্যার পরে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। শনিবার (২৯ আগস্ট) সকালে হাসিনুর রহমান বাজারে মাছ ক্রয় করছিলেন। এসময় পিছন দিক থেকে নিহত শাহাবুলের পিতা মজিবর রহমান (৪০) তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান।
ওসি নিশিকান্ত জানান, পুলিশ মরদেহটির ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

