সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জে ইয়াবাসহ পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাহবুবুর রহমান পৌর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জেসি রোড ধানবান্ধী গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে (২৬ আগস্ট) ভোর রাতে পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ করা আলামতসহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

