নিজস্ব প্রতিবেদক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) লিয়াকতসহ সাতজনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আদালতে মামলা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশে দায়িত্বপালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এসআই লিয়াকত আলী ও ৩ পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন জসিমউদ্দিন নামের চট্টগ্রামের এক ব্যবসায়ী। আদালত মামলা আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
লিয়াকত ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন— বর্তমানে সাতকানিয়া থানার এসআই নজরুল, দাউদকান্দি থানার এসআই হান্নান, জিয়াউর রহমান, বিসনুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও এস এম সাহাবউদ্দিন।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে মামলা বাদী জসিম জানান, এসআই লিয়াকত চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দায়িত্বকালীন সময়ে ২০১৪ সালের ১৪ জুন ব্যবসায়ী জসিমকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়।
সেখানে এস আই লিয়াকত জসিমকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে জসিম আড়াই লাখ টাকা দেয়ার পর তাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেন। এই মামলায় ২০ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি হন ওই ব্যবসায়ী।
উল্লেখ্য, এসআই লিয়াকত বর্তমানে মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কক্সবাজারে র্যাবের রিমান্ডে রয়েছে। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি কক্সবাজারের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।

