সাভার প্রতিনিধি : ধামরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, কাঁচামাল ব্যবসায়ী হেলাল উদ্দিন ও পিকআপ চালক মফিদুল মোল্লা রাজু।
হেলাল উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বরুন্ডি এলাকায়। রাজুর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুরিয়াতে।
পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে পিকআপে সবজি নিয়ে আশুলিয়ার বাইপাইল কাঁচামালের আড়তে যাচ্ছিলেন হেলাল উদ্দিন। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছলে তাদের সামনে থাকা একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সামনের সবজিবোঝাই পিকআপটিকে ধাক্কা দেয়। পিকআপটি সামনে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে এ হাতহতের ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শ (এসআই) মোসলেম উদ্দিন জানান, ঘাতক জননী এক্সপ্রেস অ্যান্ড পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

