ঢাকাMonday , 20 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ সেতুমন্ত্রীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি পালনের মধ্য দিয়ে সংক্রমণ ছড়ানো রোধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান মন্ত্রী। কোরবানির ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, ‘ঈদুল ফিতরে গণপরিবহন বন্ধ থাকায় আমাদের সংক্রমণের বিষয়ে উদ্বেগ ছিল না। কিন্তু এই ঈদে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করে জনস্বার্থে গণপরিবহন চালু রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ ছিলো পরিবহন বন্ধ রাখার। অনেকেই গণপরিবহন তথা ঈদযাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চঝুঁকির কথা বলেছেন। এক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, আইন প্রয়োগকারী সংস্থাসহ বিআরটিএর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
পশুর হাটের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রতিটি টার্মিনালে টাস্কফোর্স কার্যকর থাকবে। বিআরটিএর মোবাইল কোর্ট সার্বক্ষণিক কাজ করবে। অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবে।’
‘গাড়ি চালানোর আগে ও পরে ভেতর-বাহির জীবাণুমুক্ত করতে হবে। ঈদের ৩ দিন আগে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে’।
সংক্রমণ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টার্মিনাল ও ফেরিঘাটের ব্যবস্থাপনা আরও স্বাস্থ্যবান্ধব করা জরুরি। সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিজিএমইএ এবার গার্মেন্টসগুলো ছুটি দেবে। যেদিন যে এলাকায় ছুটি হবে সে এলাকার চাপ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা আগেই প্রস্তুতি রাখবেন।’
দেশের যেসব সড়কে সমস্যা আছে তা ঈদের আগে মেরামত করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জীবন-জীবিকার ভারসাম্য রক্ষায় সীমিত পরিসরে গণপরিবহন চালুর অনুমতি দিলেও স্বাস্থ্যবিধি ও ভাড়া সমন্বয় না করায় ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় যেসব পরিবহন মালিক-সমিতি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, জনস্বার্থ ও যাত্রীর বিরুদ্ধে যায়, তাদের বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এসছানে এলাহিসহ পরিবহন সংশ্লিষ্ট নেতারা।