নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বেগমের হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান ফোরামের সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু।
বিবৃতিতে তারা বলেন, ২২ জুন নাটোরের হরিশপুরে পড়াশোনা না ছাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া বেগমকে তার শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে। এক পর্যায়ে মারা যান তিনি। করোনা দুর্যোগেও একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।
তারা বলেন, অপরাধীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি না হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। অতিদ্রুত সুমাইয়ার হত্যাকারীসহ নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার জন্য দায়ীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

