গাজীপুর সংবাদদাতা : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যতদিন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছেন ততদিন দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। আর কোন শিশু পথে পথে ঘুরবে না।
বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্মনিয়োগ করবে। আগামীর বাংলাদেশকে পরিচালনার জন্য তারা নিজেদেরকে তৈরি করবে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের শিশুরা বছরের প্রথম দিন নতুন বই পাবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা এইচএম আবুবকর চৌধুরী, সিরাজুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহের আফরোজ চুমকি উপজেলার কয়েকটি স্কুল-মাদ্রাসায় প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

