নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি বলেছেন, নতুন বিশ্ব গড়তে হলে নারী ও পুরুষকে এক হয়ে কাজ করতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৯’ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘নতুন বিশ্ব গড়তে হলে নারী ও পুরুষ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এককভাবে সেটি করা সম্ভব না। নারীর উন্নয়ন করতে গেলে পুরুষ মনে করে, নারীকে এগিয়ে দিয়ে তাদের বোধ হয় পিছিয়ে দিচ্ছি। তাই আমি বলব, নারীদের এগিয়ে দেওয়া মানে আপনাদেরই এগিয়ে নেওয়া। তাদেরকে পাশে রেখেই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস এমন একটি মাসে, যে মাস বাংলাদেশের জন্য অধিকার আদায়ের মাস। সংবিধানের নারীদের জন্য সমান অধিকার দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে আমরা ধরে রাখতে পারিনি, তাই পিছিয়ে গিয়েছিল আমাদের সেই অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার জন্য যে জিনিসটি সবার আগে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে মানুষের অধিকার। নারী ও পুরুষের সমান অধিকার দিয়ে দেশ এবং জাতিকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘উন্নয়নের মূল অংশ নারীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। যারা অধিকারে পিছিয়ে, স্বাস্থ্যে পিছিয়ে, পুষ্টিতে পিছিয়ে। তবে দিন বদলেছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, সেখানেও নারীকে মেজর জেনারেল হিসেবে দেখতে পাচ্ছি। পার্লামেন্টের উচ্চ পর্যায়ে নারীকে দেখতে পাচ্ছি এবং মাঠপর্যায়েও নারীকে দেখতে পাচ্ছি। এগিয়ে যেতে হলে শুধু পুরুষ নয়, নারীকেও নারীর সহযোগিতা করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন্নেছা প্রমুখ।

