কক্সবাজার প্রতিনিধি : চাকরির দাবিতে কক্সবাজারের উখিয়ায় স্থানীয়দের বাধার মুখে রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেননি এনজিও কর্মীরা।
সোমবার সকাল ৭টা থেকে চাকরির দাবিতে কক্সবাজার টেকনাফ আরকান সড়কের কোটবাজারে অবরোধ করে হাজার হাজার স্থানীয় বাসিন্দা। এই সময় তারা রোহিঙ্গা ক্যাম্পমুখী এনজিওদের শত শত গাড়িকে ফিরিয়ে দেয়।
পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে স্থানীয়দের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ২০ জন আহত হয়।
তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তাহিয়ান ও উখিয়ার এসি ল্যান্ড ফখরুল ইসলাম আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছি। প্রশাসনের পক্ষে বারবার চাকরির আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে না। তাই দাবি আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছি।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, চাকরির দাবিতে সকাল থেকে স্থানীয়রা রাস্তায় অবরোধ করে আন্দোলন শুরু করে। তিন ঘণ্টা পরে তাদের বু্ঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

