
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মো. আসাদুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে ড. মো. আসাদুজ্জামানকে সরকার নিয়োগ প্রদান করেছে। তিনি গত ২৭ ফেব্রুয়ারি বিজেআরআই’র মহাপরিচালক পদে যোগদান করেন। ইতোপূর্বে তিনি সংস্থার কারিগরি উইংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ড. মো. আসাদুজ্জামান কর্মস্থলে যোগদানের পর গত ২ মার্চ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর জাতির জনকের মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে বিজেআরআই’র সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিরা সংস্থার নতুন মহাপরিচালক ড. মো. আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার ড. আসাদুজ্জামান ১৯৮৭ সালে বিজেআরআই-এ বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। এরপর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে ১৬/০৩/২০১০ হতে ২৬/০২/২০১৯ পর্যন্ত পরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি জার্মানি, ফ্রান্স, চীন, ভারতসহ বিভিন্ন দেশে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহারে শিল্পে ব্যবহারযোগ্য চারটি প্রযুক্তি উদ্ভাবক বিজ্ঞানী- যার মধ্যে নদীর তীর রক্ষার বাঁধে ও পাহাড় ধ্বস রোধে ন্যাচারাল অ্যাডিটিউ ট্রিটেড জুট জিও টেক্সটাইল প্রস্তুতির প্রযুক্তি গত ২২/১২/২০১৮ তারিখে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র চট্টগ্রামস্থ কেএফডি জুট মিলস্-এর নিকট হস্তান্তর করেছেন। তিনি যশোরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মাতা মরহুমা নুরজাহান বেগম যশোরের ঘোপ সেবা সংঘ স্কুলের প্রধান শিক্ষিকা এবং পিতা মরহুম হাজী মো. রোকন উদ্দিন জনতা ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন। তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান পবলু ও ভাতিজি মাইসা ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে আগুন সন্ত্রাসে শহীদ হন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

