নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনে সুন্দরভাবে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোটাররা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন এটা ঠিক নয়। সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়। সুন্দরভাবে ভোট হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে ভোটররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় আজ সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি থেকে আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান ও একজন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মেয়র পদে লড়ছেন।
বৃষ্টির কারণে সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে উপস্থিতিও বাড়বে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে সকাল বেলায় হয়তো ভোটার কম দেখেছেন আপনারা। এখন পর্যায়ক্রমে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে, তখনই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে।’
‘ভোটাররা আসবেন। তারা ভোট দেবেন। আমি তো দেখলাম। আমারও ভোট দিতে দু-এক মিনিট সময় লাগলো। কারণ যথেষ্ট লম্বা লাইন রয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তারা জাতীয় নির্বাচনকে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি আমাদের এই ঢাকা উত্তরের নির্বাচন, সামনে উপজেলা নির্বাচন আসছে, সবগুলো নির্বাচনই সুন্দরভাবে তারা উঠিয়ে দেবে ও মোকাবিলা করবে।’
ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় রাজনৈতিক দলের বলে প্রধান নির্বাচন কমিশনারের করা এক মন্তব্যের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনার যেটা বলেছেন, সেটা যথার্থই বলেছেন। ভোট কীভাবে হবে সেটা পরিচালনা করছেন তিনি। ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা।’
‘বিভিন্ন রাজনৈতিক দল উদ্ধুদ্ধ করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। এটাই স্বাভাবিক। এখন কে এলো, আর কে এলো না সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমাদের ভোটাররা ভোট দিতে আসছেন সেটাই হচ্ছে বাস্তবতা।’
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪। তাদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন। আর নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।

