নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রলীগের প্রাক্তন নেতাদের ‘বিদ্রোহী’ প্যানেলটি।
মঙ্গলবার ওই প্যানেলের নেতাদের সঙ্গে ছাত্রলীগের সমঝোতা হয়েছে৷ গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করে ছাত্রলীগের প্রাক্তন নেতাদের একাংশ।
ছাত্রলীগের প্রাক্তন নেতা সোহান খানকে ভিপি (সহসভাপতি) ও আমিনুল ইসলামকে জিএস (সাধারণ সম্পাদক) করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ’ নামে ছাত্রলীগের ‘বিদ্রোহী’ প্যানেলটি আত্মপ্রকাশ করে।
মঙ্গলবার ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে সমঝোতার পর আমিনুল ইসলাম বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করি৷ তাই ডাকসু নির্বাচনে সবাই একসঙ্গে কাজ করতে চাই৷ আমাদের মধ্যে কোনো বিভাজন নেই৷ কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়ায় আমাদের মধ্যে একটু অভিমান হয়েছিল৷ কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর আমরা সন্তুষ্ট৷
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী অনেক, কিন্তু ডাকসুতে পদ অল্প৷ এর ফলে সবাইকে মনোনয়ন দেওয়া হয়তো সম্ভব হয়নি৷ এটা নিয়েই একটু মনোমালিন্য হয়েছিল৷ এখন কোনো সমস্যা নেই৷

