ঢাকাSunday , 24 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ বছরে কৃষিতে ভর্তুকি ৬৩ হাজার কোটি টাকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক জানিয়েছেন, গত ১০ বছরে কৃষি খাতে ৬৩ হাজার ২৬৩ কোটি ৪৩ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই সারের মূল্য কমিয়ে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে সারে ৬১ হাজার ১২৩ কোটি ৯৩ লাখ, বিদ্যুতে ১ হাজার ১৫৯ কোটি ৭৯ লাখ, আখে ১৪২ কোটি ৮৮ লাখ ও ডিজেলে ৭৫০ কোটি টাকা।
তিনি আরো জানান, ২০০৮-০৯ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন ছিল ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে উৎপাদন বেড়ে হয়েছে ৪ কোটি ১৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। সঠিক সময়ে সুলভ মূল্যে সার পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
বিরোধী দল জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী আলী ফরাজীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থবছরে রোপা আমন ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৪ টাকা ৬৩ পয়সা, ধানের সংগ্রহ মূল্য ছিল ২৬ টাকা। বোরো ধানের উৎপাদন খরচ ছিল প্রতি কেজি ২৪ টাকা, সংগ্রহ মূল্য ছিল ২৬ টাকা। ২০১৮-১৯ বছরে রোপা আমন ধানের উৎপাদন খরচ প্রতি কেজি ২৫ টাকা ৩০ পয়সা, সংগ্রহ মূল্য ২৬ টাকা। ধানের সংগ্রহ মূল্য উৎপাদন খরচের তুলনায় বেশি হওয়ায় কৃষক লাভবান হবে।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএডিসির ৪৭৩টি সারের গুদাম রয়েছে। এসবের মধ্যে অব্যবহৃত গুদামের সংখ্যা ৫৩টি। সারের গুদামসমূহের ধারণক্ষমতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় অব্যবহৃত গুদামসমূহ পর্যায়ক্রমে মেরামত করে ব্যবহার উপযোগী করে সার সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।