স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা না দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করা হয়েছে ভারতের আম্বাতি রাইডুকে।
গত ১৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুই ওভার বোলিং করেছিলেন রাইডু। সে ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়েছিল তাকে। কিন্তু তিনি তা দেননি।
সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যতদিন পর্যন্ত পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে না পারবেন, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না রাইডু।
রাইডু মূলত ব্যাটসম্যান। মাঝে মাঝে অফ স্পিনটা করেন। ক্যারিয়ারের ৫০ ওয়ানডের মধ্যে মাত্র নয়টিতে বোলিং করেছেন তিনি। ভারতের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে কখনো বোলিং করেননি।

