স্পোর্টস ডেস্ক : আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল জুভেন্টাস। এর ঠিক পরের মিনিটেই জুভেন্টাসকে উদ্ধার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলে লাৎসিওর বিপক্ষে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।
ইতালিয়ান সিরি’আতে গতকাল রাতে এস্তাদিও অলিম্পিকোতে জুভেন্টাসকে আতিথ্য দেয় লাৎসিও। এ ম্যাচে জোয়াও ক্যানসেলোর সঙ্গে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল পান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তার গোলে ভর করে রুদ্ধশ্বাস এ ম্যাচে শেষপর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।
সিরি’আতে এ ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় লাৎসিও। এ সময় কানের আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তবে ম্যাচের ৭৪ মিনিটে ক্যানসেলোর গোলে সমতায় ফিরলে স্বস্তি ফেরে জুভেন্টাস শিবিরে। এরপর মনে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হবে জুভিদের। তবে ম্যাচের ৮৭ মিনিটে ক্যানসেলো পেনাল্টি আদায় করে নিলে ভাগ্য ফেরে সফরকারীদের। স্পট কিক থেকে ৮৮ মিনিটে রোনালদোর সফল লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জুভেন্টাস।
এ জয়ে ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচে তালিকার দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৪৮। আর ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এ তালিকার অষ্টম স্থানে রয়েছে লাৎসিও।

