স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় প্রথম পর্বে ঘরের মাঠে জিরোনার বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। এবার ফিরতি পর্বে এ দলটিকে সহজেই হারিয়েছে কাতালান ক্লাবটি।
এস্তাদিও মন্টিলিভিতে গতকাল রাতে বার্সাকে স্বাগত জানায় জিরোনা। লিগে এর আগে ক্যাম্প ন্যুতে ২-২ গোলের ড্রয়ে বার্সার পয়েন্টে ভাগ বসিয়েছিল জিরোনা। এবার তাদের মাঠ থেকে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। বার্সার এ জয়ে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও নেলসন সেমেদো।
ম্যাচের নবম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বার্সাকে এগিয়ে দেন সেমেদো। লুইস সুয়ারেজের ক্রস স্বাগতিক ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারায় ডি বক্সের কাছে বল পেয়ে যান সেমেদো। সে সুযোগ কাজে লাগিয়ে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন পর্তুগিজ এ ডিফেন্ডার।
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটের সময় শক্তিশালী বার্সার বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। সুয়ারেজকে পিছন থেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জিরোনার উরুগুয়ে ডিফেন্ডার বের্নাদো এসপিনোসা।
ম্যাচের ৬৮তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন দলের সেরা তারকা মেসি। জর্দি আলবার পাস থেকে ডি বক্সের মুখে ফাঁকায় বল পেয়ে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষকের উপর দিয়ে জালে বল পাঠান মেসি। এর মধ্য দিয়ে লিগে টানা ছয় ম্যাচে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন সুপারস্টার। এবার টুর্নামেন্টে সব মিলিয়ে মেসির গোল সংখ্যা ১৯টি। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
লিগে এ জয়ের পর ২১ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৯। সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আর ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।

