স্পোর্টস ডেস্ক : এস্পানিওলের মাঠে ম্যাচের ৭২ মিনিটে রাফায়েল ভারানের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। কিন্তু এর আগেই বেনেজেমা, বেল ও রামোসদের নৈপুণ্যে এগিয়ে থাকায় জয় নিয়ে ফিরতে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের।
স্প্যানিশ লা লিগায় রিক্যাড স্টেডিয়ামে গতকাল রিয়াল মাদ্রিদকে স্বাগত জানায় এস্পানিওল। প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পায় লস ব্লাঙ্কোসরা।
দলের বড় জয়ে রিয়ালের হয়ে জোড়া গোলের দেখা পান ফরাসি তারকা করিম বেনজেমা। তার সঙ্গে একটি করে গোল পান চোট কাটিয়ে উঠা সার্জিও রামোস ও গ্যারেথ বেল।
ম্যাচের চতুর্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। ১৫তম মিনিটে সফরকারীদের ব্যবধান বাড়ান দলীয় অধিনায়ক সার্জিও রামোস। ২৫তম মিনিটে বাপতিসাতাওয়ের গোলে ব্যবধান কমিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় এস্পানিওল। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। প্রথমার্ধে যোগ হওয়া সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।
বিশ্রাম শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে ভিনসিয়াস জুনিয়রকে তুলে গ্যারেথ বেলকে মাঠে নামান সোলারি। সোলারির আস্থার সঠিক প্রতিদান দেন বেল। ৬৭তম মিনিটে ভাসকেজের অসাধারণ পাস থেকে গোল করেন গ্যারেথ বেল। ৭০তম মিনিটে কার্ভাহাল গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। ৭২তম মিনিটে ভারানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে ৮১তম মিনিটে রোসালেসের গোলে ব্যবধান কমায় এসপানিওল। কিন্তু শেষপর্যন্ত হার এড়াতে সক্ষম হয়নি স্বাগতিকরা।
এ জয়ে সেভিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

