বিনোদন প্রতিবেদক : এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গত বছরের ৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল ইমরান ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে প্রকাশিত গল্পনির্ভর এই ভিডিও ইউটিউবে ভিউ হয় ২ কোটি ২০ লাখেরও বেশি।
এর ঠিক এক বছর পর একই টিম নিয়ে তৈরি হচ্ছে নতুন আরেকটি মিউজিক ভিডিও। ‘আমার কাছে তুমি অন্যরকম’ শিরোনামের এই মিউজিক ভিডিওটির রেকর্ডিং শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি এটি প্রকাশ পাবে।
মিউজিক ভিডিওটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এমনিতেই আমরা কাজ কম করি কিন্তু মানের বিষয়ে বরাবরই সচেতন থাকি। আমরা চাইলে একই সেটআপে দ্রুত সময়ে এমন আরো কিছু গান উপহার দিতে পারতাম। কিন্তু সেটা করিনি। বরং পুরো টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। প্রায় সাত মাস সময় নিয়ে একটি প্রজেক্ট শেষ করেছি। চেয়েছি ঠিক এক বছরের মাথায় একই টিমের মাধ্যমে আরেকটি অসাধারণ কাজ শ্রোতা-দর্শকদের উপহার দিতে। আশা করছি এবারো ভালো কিছুই অপেক্ষা করছে সবার জন্য।’
কণ্ঠশিল্পী ইমরান বলেন, “আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও এবং ভিডিও। অথচ মাঝে আমি সিএমভি’র ব্যানারে আর কোনো কাজ করিনি। এই এক বছরে একটা গানেরই পরিকল্পনা করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারো। মুক্তিও পাচ্ছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারো সবাই মুগ্ধ হবেন।”

