স্পোর্টস ডেস্ক : বার্বাডোস টেস্টে অষ্টম অবস্থানে ব্যাট করতে নেমে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। সতীর্থ আরেক সেঞ্চুরিয়ান শেন ডাওরিচের সঙ্গে বিশাল এক জুটিতে রেকর্ড গড়েছেন হোল্ডার।
ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আট নম্বরে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন হোল্ডার। ২২৯ বলে দুইশ করে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।
এছাড়া আটে নেমে ডাবল সেঞ্চুরিও ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই প্রথম। এর আগে আটে নেমে ডাবল সেঞ্চুরির কীর্তি আগে ছিল কেবল দুই পাকিস্তানি ইমতিয়াজ আহমেদ ও ওয়াসিম আকরামের।
দুইশ ছুঁয়েই ইনিংস ঘোষণা করে দেন হোল্ডার। ফলে ডাওরিচের সঙ্গে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ২৯৫ রানের জুটি নিয়ে মাঠ ছাড়েন ক্যারিবীয় দলপতি। ইনিংস ঘোষণা দেওয়ায় সপ্তম উইকেটে ৩৪৭ রানের বিশ্বরেকর্ডটি অধরা থেকে যায় তাদের।
হোল্ডারের ২২৯ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসে চার ২৩টি, ছক্কা ৮টি। ডাওরিচ অপরাজিত ১১৬ করেছেন ২২৪ বলে, ১১ চার ও ১ ছক্কায়।

