বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদের সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘জয়তু তপন মাহমুদ’ শিরোনামে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ।
আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত সংস্কৃতি সচিব রোখসানা মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, ম. হামিদ ও বাচিক শিল্পী আশরাফুল আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন পীযূষ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মাহমুদ সেলিম।
সংগীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে তপন মাহমুদের গাওয়া ৫০টি রবীন্দ্রসংগীত ও ১২টি হারানো দিনের গান নিয়ে একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হবে এ অনুষ্ঠানে। সংকলনটির নাম ‘সুদূরের পিয়াসী’। চারটি সিডি দিয়ে সংকলনটি সাজানো হয়েছে। এর মধ্যে রবীন্দ্রসংগীতের তিনটি সিডি। সেগুলো হলো- ‘পরশ পাবার প্রয়াসী’, ‘পলাতকা ছায়া ফেলে’ ও ‘ফুল ফোটানোর খেলা’। ‘আলোর ঝর্ণাধারা’ নামে সিডিটি সাজানো হয়েছে ১২টি হারানো দিনের গান দিয়ে। গানগুলো হলো-সুরের আকাশে তুমি যে গো, কতদিন পর এলে একটু বসো, এই মেঘলা দিনে একলা ঘরে, এই রাত তোমার আমার, বনতল ফুলে ফুলে ঢাকা, এ কূলে আমি, এই বালুকা বেলায় আমি, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, এই পৃথিবীতে সারাটি জীবন, আর কত রহিব শুধু পথ চেয়ে, মা গো ভাবনা কেনো ও এক গোছা রজনী গন্ধা।
অনুষ্ঠানে গানে গানে তপন মাহমুদকে শুভেচ্ছা জানাবেন রফিকুল আলম, আনিসুর রহমান, সুদেষ্ণা সান্যাল, বিশ্বরূপ রুদ্র ও মহাদেব ঘোষ। দলীয় সংগীত পরিবেশন করবেন বৈতালিক। সঞ্চালনা করবেন আফরোজা কনা।

