স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বুধবার রাতে হার মেনেছে বার্সেলোনা। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে রিয়াল মাদ্রিদের। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে তারা প্রথম লেগে জিরোনাকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। এমন জয়ে জোড়া গোল করেছেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। গোলের দেখা পেয়েছেন লুকাস ভাসকেজ ও করিম বেনজেমাও।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। ম্যাচের ৭ মিনিটেই জিরোনার অ্যান্থনি লোজানো গোল করে এগিয়ে নেন সফরকারীদের। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৮ মিনিটের মাথায় রিয়ালের লুকাস ভাসকেজ গোল করে সমতায় ফেরান দলকে। আর ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সার্জিও রামোস করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে যান।
বিরতি থেকে ফিরে এসেই অবশ্য সমতা ফেরায় জিরোনা। ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে আলেক্স গ্রানেল গোল করে সমতা আনেন। অবশ্য এই গোলের ১১ মিনিটের মাথায় আবারো সার্জিও রামোস গোল করে এগিয়ে নেন দলকে। আর ৮০ মিনিটে করিম বেনজেমার গোলে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।
ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে খেলতে যাবে রিয়াল।

