স্পোর্টস ডেস্ক : ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৯ রানে অলআউট করে বেশ স্বস্তিতেই ছিল ইংল্যান্ড। কিন্তু কে জানতো ইংল্যান্ডের জন্য এমন ধ্বস অপেক্ষা করছে। কেমার রোচের আগুন ঝরানো বোলিংয়ে তারা অলআউট হয়েছে মাত্র ৭৭ রানে। যা ব্রিজটাউনে সর্বনিম্ন টেস্ট সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে। তাতে ইংল্যান্ডের বিপক্ষে লিড হয়েছে ৩৩৯ রানের!
ইংল্যান্ডের আরো কিছু এমন ধ্বস :
# ১০ মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
# সেটার ১০ মাসের মাথায় ব্রিজটাউনে তারা অলআউট হল ৭৭ রানে।
# এর আগে আরো দুইবার ক্যারিবিয়ান দীপপুঞ্জে এমন ধ্বসের মুখোমুখি হয়েছিল ইংলিশরা।
# ১৯৯৪ সালে ত্রিনিদাদে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
# ২০০৯ সালে জ্যামাইকায় তারা অলআউট হয়েছিল মাত্র ৫১ রানে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলে ইংলিশরা। এই রানে ফিরে যান কিয়েটন জেনিংস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৩৫ রানে দ্বিতীয়, ৪৪ রানে তৃতীয়, ৪৪ রানেই চতুর্থ, ৪৮ রানে পঞ্চম, একই রানে ষষ্ঠ, ৪৯ রানে সপ্তম, ৬১ রানে অষ্টম, ৭৩ রানে নবম ও ৭৭ রানে দশম।
ব্যাট হাতে ইংল্যান্ডের জেনিংস (১৭), জনি বেয়ারস্টো (১২), স্যাম কুরান (১৪) ও আদিল রশিদ (১২) রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ১১ ওভার বল করে ৭টি মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। জ্যাসন হোল্ডার ও আলঝারি জোসেফ ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন শ্যানন গ্যাব্রিয়েল।
২১২ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাট করতে নামে। ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। তাতে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের লিড হয়েছে ৩৩৯ রানের। ক্রিজে আছেন শেন ডোরিচ (২৭) ও জ্যাসন হোল্ডার (৭)। তারা দুজন আজ তৃতীয় দিনে আবার ব্যাট করতে নামবেন।
বল হাতে ইংল্যান্ডের মঈন আলী ৩টি, বেন স্টোকস ২টি ও স্যাম কুরান ১টি উইকেট নেন।

