নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, দল-মত নির্বিশেষে সকলের জন্য আমাদের সরকার কাজ করে যাবে। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে তিনি এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনের লক্ষ্যে এ বিজয় সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিজয় অর্জন করা যত কঠিন, বিজয়কে রক্ষা করা আরো বেশি কঠিন। তিনি বলেন, দেশের মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা তাদের ভোটের মর্যাদা রাখব। … প্রয়োজনে আমার বুকের রক্ত ঢেলে দেব।
শেখ হাসিনা বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে। জনগণ মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। রায় দিয়েছে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পক্ষে। আমরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করব।’
বক্তব্যের শুরুতে তিনি ৩০ লাখ শহীদ, স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনে শহীদ, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান।

