আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের লাদাখের খারদুং লা-তে একটি গাড়ি তুষার চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছে। শুক্রবার ভূমি থেকে ১৭ হাজার ৫০০ ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ যান চলাচলের স্থানটিতে এ ঘটনা ঘটে।
লেহ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে যৌথ উদ্ধার বাহিনী উদ্ধার কাজ করছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্করপিও গাড়ি করে খারদুং লা দিয়ে যাচ্ছিলেন কয়েক জন। ওই সময় হঠাত্ই বরফের একটি বিশাল ধস নেমে আসে। সেই ধসের নিচেই গাড়ির আরোহীরা চাপা পড়ে যান। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।
লেহ শহরের উত্তরে অবস্থিত খারদুং লা’র সড়ক দিয়ে লাদাখের শিয়ক ও নুবরা ভ্যালিতে যেতে হয়।
কাশ্মীরে গত কয়েক দিন ধরে তুষারপাত চলছে। বৃহস্পতিবার কাশ্মীরের নয়টি তুষারধসপ্রবণ জেলায় সকর্তবার্তা জারি করেছিল রাজ্য আবহাওয়া দফতর। ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতেরও পূর্বাভাস দেয় তারা। এই সময়তেই কাশ্মীরে বরফের টানে প্রচুর পর্যটক বেড়াতে যান।

