নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে আনফ্রেলের অধিভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতি দেওয়াটা একটি অপরিপক্ক আচরণ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার পুরোপুরিভাবে প্রয়োগ করতে পেরেছে।
বিবৃতিতে আরো বলা হয়, আনফ্রেলের অধিভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতি দেওয়াটা একটি অপরিপক্ব আচরণ। তারা যে ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ ভোটের কথা উল্লেখ করেছে, সেটা ভুল তথ্য ও পূর্বপরিকল্পিত ধারণা থেকেই করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৪ জন বিদেশি পর্যবেক্ষক ও ৬৫ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এছাড়া ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন দেশীয় পর্যবেক্ষক রয়েছেন। ৭ থেকে ৮ হাজার সাংবাদিকও এই নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২১ ডিসেম্বরের মধ্যে আনফ্রেল-এর ৩২ পর্যবেক্ষকের মধ্যে ১৩ জনকে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়েছে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আনফ্রেলের অবশিষ্ট আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার মধ্যেই ছিল। আর সেই প্রক্রিয়ার মধ্যেই আনফ্রেল তাদের আবেদন প্রত্যাহার করে নেয়।
প্রসঙ্গত, থাইল্যান্ডভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থার জোট এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (আনফ্রেল) প্রতিনিধিরা নানা অভিযোগ তুলে নির্বাচন পর্যবেক্ষণে আসেননি। তবে এই নির্বাচন পর্যবেক্ষণে না এসে গতকাল শনিবার আনফ্রেল থেকে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।
এদিকে, এরই মধ্যে বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।
সারা দেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিচুয়েশন ভালো ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
এবারের নির্বাচনে এক হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার ৭৩৩ জন। স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন। মোট ৪০ হাজার ১৮৩টি কেন্দ্রে ভোট দিবেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। তবে, দেশের প্রায় ২২ শতাংশ ভোটারের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এসব তরুণের বড় অংশ, প্রায় ১ কোটি ২৩ লাখ এবারই প্রথম ভোট দিয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৪০ হাজার ১৮৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৭ হাজার ৩১২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ১৪ হাজার ৬২৪ জন দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনি মাঠে সব মিলিয়ে ৬ লাখ ৮ হাজার নিয়োজিত ফোর্স দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে এক হাজার ৩২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬৪০ জন। এছাড়া দেশি ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং বিদেশি সংস্থার ৩৮ জন পর্যবেক্ষক কাজ করেছেন।

