নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
রাজধানীর আগারগাঁওয়ে শনিবার বিকেলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
কে এম নূরুল হুদা বলেন, আগামীকালের (রোববার) নির্বাচনে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতা বা নাশকতামূলক পরিবেশ সৃষ্টি হলে তারা তা কঠোর হস্তে দমন করবে।
তিনি বলেন, কোনো বাহিনীর নিষ্ক্রিয়তায় কোথাও কোনো সহিংসতা হলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতার পরিবেশ পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে সিইসি বলেন, আপনাদের কাছে অনুরোধ করি, আপনার ভোট অতি মূল্যবান। কোনো ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে ভোট দেবেন। সবার চেষ্টাই সুন্দর ও সুষ্ঠু ভোট হবে ইনশাল্লাহ।
সিইসি বলেন, নির্বাচন শেষ হলে এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষকদের সামনে কেন্দ্রের ব্যালট গণনার কাজ শুরু করবেন। কোনো অবস্থায় নির্বাচনী কেন্দ্রের বাইরে ব্যালট গণনা করা যাবে না। প্রার্থীর এজেন্টকে নানাভাবে হয়রানির অভিযোগ করা হচ্ছে, এটা কাম্য নয়। কোনো এজেন্টের বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না। নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পুরো নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, প্রার্থীর এজেন্টেদের দায়িত্ব অনেক। তারা প্রার্থীর স্বার্থে কাজ করেন। ফলাফল না পাওয়া পর্যন্ত কোনোভাবে তারা কেন্দ্র ত্যাগ করবেন না। কেউ যদি অবৈধভাবে এজেন্টকে কক্ষ ত্যাগ করতে বলে তখন ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে হবে।
সিইসি বলেন, গণমাধ্যমকর্মীরা নির্বাচনে বড় দায়িত্ব পালন করেন। তাদের মাধ্যমে দেশবাসী নির্বাচনের সঠিক চিত্র দেখতে পারেন। সংবাদ পরিবেশনের সময় নির্বাচনের দায়িত্বে থাকা সাংবাদিকদের স্বাভাবিক কাজে যেন বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।
দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সব নির্বাচনী কর্মকর্তাদের আহবান জানান তিনি।
সিইনি বলেন, ভোটারদের কাছে অনুরোধ, কোনো রকম প্রলোভন, প্ররোচনা, প্রভাব বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবেন না। স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
সবার প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

