বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তার হাত ধরেই বলিউডে পা রেখেছেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির পুত্র সুরজ পাঞ্চোলি, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। তাছাড়া ভারতের প্রয়াত অভিনেত্রী নূতনের নাতনি প্রানূতনকেও বলিউডে নিয়ে আসছেন তিনি।
এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মহেশ মাঞ্জরেকরের কন্যা অশ্বমি মাঞ্জরেকরকে বলিউডে নিয়ে আসছেন সালমান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশ মাঞ্জরেকর সংবাদমাধ্যমটিতে বলেন, ‘হ্যাঁ, সালমান আমার মেয়েকে লঞ্চিং করছে। খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে। এই ইন্ডাস্ট্রিতে সালমান খান অনেক বড় হৃদয়ের একজন মানুষ। আমাদের সম্পর্কটা সবসময়ই ভালো। আমি তাকে শ্রদ্ধা করি আর এজন্য আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর।’
তবে কোন সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন অশ্বমি তা জানা যায়নি। মহেশ মাঞ্জরেকর শুধু একজন পরিচালক নন, একজন গুণী অভিনেতাও। কাজের দিক থেকে ‘জয় হো’, ‘বডিগার্ড’, ‘দাবাং’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান-মহেশ।

