বিনোদন ডেস্ক : মিস কালচার ওয়ার্ল্ডওয়াইডের মুকুট জিতলেন বাংলাদেশের প্রিয়তা ইফতেখার। বিশ্বের ৫০টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন তিনি। ‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে প্রিয়তা জিম্বাবুয়েতে অবস্থান করছেন। মুকুট জয়ের পর সেখান থেকে প্রিয়তা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সৌন্দর্য কী? আমি যখন স্কুলে পড়তাম তখনো নিজেকে ভালোবাসতাম। আজকে আমি নিজেকে নিয়ে যতটা খুশি তখনো তেমনি ছিলাম। আমার মনে পড়ে-ছোটবেলায় আমাকে অনেকে কালো মেয়ে, খাটো মেয়ে বলে অপমান করত। আসলে পরিপূর্ণতাকে কখনো সংজ্ঞা দিয়ে আবদ্ধ করবেন না। এতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আফ্রিকান মেয়েদের চুল সুন্দর। এশিয়ার মেয়েদের চোখ চমৎকার। দক্ষিণ এশিয়ার মেয়েদের কালো চোখ ও বাদামি ত্বক সুন্দর। আর ইউরোপের মেয়েরা ফ্যাকাশে নয়, তারা নিখুঁত। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, নিজের শরীর নিয়ে ইতিবাচক চিন্তা না করেন তবে আপনি বিশ্ব জয় করতে পারবেন না। এই অর্জনের জন্য আমি সত্যি খুশি।’
গত ১৬ ডিসেম্বর জিম্বাবুয়ের হারারেতে বসেছিল এই প্রতিযোগিতার প্রথম আসর। জিম্বাবুয়ের জাতীয় ব্র্যান্ডিং ও বিনিয়োগ ফার্ম প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। মূলত বৈশ্বিকভাবে সংস্কৃতির আদান-প্রদানের জন্যই তাদের এই উদ্যোগ।
প্রিয়তা ইফতেখারকে অনেকেই ‘পতাকা বালিকা’ হিসেবে চেনেন। তিনি ২০০৮ সালে প্রতিষ্ঠা করেন ‘দ্য ফ্ল্যাগ গার্ল’ নামের একটি নেটওয়ার্ক। এ নেটওয়ার্ক কাজ করছে দেশ-বিদেশের নারীদের নিয়ে। তবে এ নেটওয়ার্কের মধ্যে নারীদের পাশাপাশি পুরুষ সদস্যও আছেন। বর্তমানে এ নেটওয়ার্কের সদস্য সংখ্যা ১ হাজার ৩০০। এর কার্যক্রম হিসেবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছেন প্রিয়তা।

