বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এ অভিনেতা জানিয়েছেন, হলিউডের জনপ্রিয় মিশন ইম্পসিবল সিরিজের মতো সিনেমায় অভিনয় করতে চান তিনি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ। এ সময় তাকে প্রশ্ন করা হয়-ভবিষ্যতে কী ধরনের সিনেমা এবং চরিত্রে অভিনয় করতে চান? জবাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাখ্যাত এ অভিনেতা বলেন, ‘যখন উঠতি অভিনেতা ছিলাম ভাবতাম- আমি ম্যাডম্যান অথবা সাইকোপ্যাথ অথবা কোনো খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করব। আমি সেগুলো করেছি। এমনকি আমার নিজের চরিত্রেও অভিনয় করেছি। ভবিষ্যতে কী ধরনের চরিত্রে অভিনয় করব তা নিয়ে এখনো পরিকল্পনা করিনি, তবে অ্যাকশন ঘরানার সিনেমা, বিশেষ করে মিশন ইম্পসিবল’র মতো সিনেমায় অভিনয় করতে চাই।’
শুক্রবার মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জিরো। দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি। সিনেমাটিতে একজন খর্বাকৃতি ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার চরিত্রের নাম বাউয়া সিং। এতে সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত আফিয়া নামের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। অন্যদিকে ক্যাটরিনা হাজির হয়েছেন ফিল্ম সুপারস্টার ববিতা কুমারী চরিত্রে। জব তক হ্যায় জান সিনেমার পর আবারো একসঙ্গে অভিনয় করেছেন এই তিন তারকা।
সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান।

