স্পোর্টস ডেস্ক : দিনের প্রথম ম্যাচে এসপানিওলকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে পরের ম্যাচে সেল্টা ভিগোকে সহজেই হারিয়ে আবার তিন পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা।
শনিবার ঘরের মাঠে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্নেস্তো ভালভার্দের দল। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও উসমান ডেম্বেলে।
ন্যু ক্যাম্পে ম্যাচের দশম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন ডেম্বেলে। প্রথমে মেসির শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান সেল্টার গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড ডেম্বেলে।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। জরদি আলবার পাস থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে নিচু শটে জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
এই মৌসুমে লিগে প্রথম ১৭ ম্যাচে মেসির গোল হলো ১৫টি। এ ছাড়া সতীর্থদের দিয়ে ১০টি গোল করিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। তবে দুই গোলের লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই নিয়ে লা লিগায় টানা চার ম্যাচ জিতল বার্সেলোনা। এই সময়ে একটি গোলও হজম করেনি তারা। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২০১৮ সাল শেষ করল বার্সা। ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে সেভিয়া তিনে, ২৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ চারে আছে।

