স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছে চেলসি।
অথচ ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটিই। ২৭ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন জার্মান মিডফিল্ডার গুন্ডোগান।
তবে ৩৩ থেকে ৩৫, তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় অতিথিরা। প্রথম গোলটা করেন জেফরি শ্লুপ, দ্বিতীয়টা অ্যান্ড্রোস টাউনসেন্ড।
৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অতিথিদের ব্যবধান বাড়ান লুকা মিলিভয়েভিচ। ৮৫ মিনিটে সিটির কেভিন ডি ব্রুইন একটি গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের।
অন্যদিকে চেলসি-লেস্টার ম্যাচের প্রথমার্ধ কেটেছিল গোলশূন্য স্কোরলাইনে। বিরতির পর ৫১ মিনিটে লেস্টারের জয়সূচক গোলটা করেন জ্যামি ভার্ডি।
১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩৭ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা টটেনহাম ৩৯ পয়েন্ট নিয়ে আছে তিনে।

