স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ নতুন একটি সম্প্রচার চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে ৩৬ মিলিয়ন ডলারে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পিএসএলের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে ‘ব্লিটজ অ্যাডভাইটাইজিং ও টেকফ্রন্ট’। এই চুক্তিতে পিএসএলের সম্প্রচার মূল্য বেড়েছে ৩৫৮ শতাংশ।
অবশ্য পাকিস্তান সুপার লিগের পরবর্তী তিন বছরের সম্প্রচার মূল্য ছিল প্রায় ৪১ মিলিয়ন ডলার। কিন্তু হঠাৎ করে ডলারের বিপরীতে পাকিস্তানের রূপির দাম পড়ে যাওয়ায় সেটা কমে যায়। তাতে সম্প্রচার মূল্য দাঁড়িয়েছিল ৩৩ মিলিয়ন ডলার। শেষ পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানের দর কষাকষিতে ৩৬ মিলিয়ন ডলারে রফা হয় পরবর্তী তিন বছরের পিএসএলের সম্প্রচার চুক্তি।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মনি বলেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের পরবর্তী তিন বছরের সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং স্বত্ত্ব বিক্রি করেছি। নতুন চুক্তিতে আমরা আগের সব রেকর্ড ও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছি। আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আমি ব্লিটজ অ্যাডভারটাইজিং ও টেকফ্রন্টকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই।’
অবশ্য পিএসএলের সম্প্রচার স্বত্ত্ব কিনতে পিটিভ (পাকিস্তান টেলিভিশন) ও টেন স্পোর্টস জোটবব্ধ হয়ে চেষ্টা করেছিল। কিন্তু তাদের পেছনে ফেলে সেটা কিনে নেয় আন্তর্জাতিক মিডিয়া ম্যানেজমেন্ট গ্রুপ ব্লিটজ ও ভারতের চেন্নাই ভিত্তিক গ্লোবাল স্পোর্টস কমার্স প্রতিষ্ঠান ‘টেকফ্রন্ট’। টেকফ্রন্টের অবশ্য আরব আমিরাতেও অফিস রয়েছে। টেকফ্রন্টের অধীনে আছে ‘ক্রিকেটগেটওয়ে’। এটার মাধ্যমে টেকফ্রন্ট পাকিস্তান সুপার লিগের আগের দুই আসরের খেলাগুলো অনলাইনে সরাসরি দেখিয়েছে।
ব্লিটজ কিংবা টেকফ্রন্টের অবশ্য টিভি চ্যানেল নেই। কিন্তু তারা পিএসএলের স্বত্ত্ব টেলিভিশন চ্যানেলগুলোর কাছে বিক্রি করবে।
২০১৯ পাকিস্তান সুপার লিগের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাকি ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। পিএসএলে অংশ নিতে যাওয়া ছয়টি দল এ বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের মালিকানা নবায়ন করেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কোয়ালান্দার্স।

