বিনোদন প্রতিবেদক : বিজয়ের এই মাসে নির্মিত হচ্ছে বিভিন্ন নাটক, সিনেমা ও গান। এরই ধারাবাহিকতায় এবার বিজয় দিবস উপলক্ষে প্রকাশ হলো শিহাব শাহরিয়ারের দেশের গান ‘প্রিয় বাংলাদেশ’।
বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ‘আমার বুকের মানচিত্র তুমি, তোমার মাঝেই হোক আমার নিঃশেষ, ছাপ্পান্ন হাজার বর্গমাইলে দিও ঠাঁই আমার অবশেষ’- এমন কথার গানটি লিখেছেন নিলয় সুন্দরম। গানটির সুরকার শিল্পী নিজেই আর সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানের নান্দনিক একটি ভিডিও নির্মাণ করেছেন শতাব্দী ভব।
গানটি প্রসঙ্গে শিহাব শাহরিয়ার বলেন, ‘এই বিজয়ের মাসে আমার প্রথম দেশের গানটি প্রকাশ করতে পেরেছি বলে একটি অন্যরকম ভালোলাগা কাজ করছে। নিলয় সুন্দরমের ভিন্নধর্মী কথায় ও সুমন কল্যাণ দাদার চমৎকার সংগীতায়োজনে আমার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে গানটি করার চেষ্টা করেছি এবং আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

