বিনোদন ডেস্ক : শুটিং সেটে আহত হয়েছেন ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া নামক স্থানে ডিয়ার কমরেড সিনেমার শুটিং করছিলেন বিজয়। দৃশ্যটি ছিল-দৌড়ে এ অভিনেতাকে ট্রেনে উঠতে হবে। কিন্তু দৃশ্যধারণের সময় তার হাত ফসকে যায় এবং তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে ক্রুরা তার সাহায্যে এগিয়ে আসেন এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে এ অভিনেতা রক্ষা পান। পরবর্তী সময়ে সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়। পাশাপাশি এ অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
সিনেমাটিতে বিজয়কে একজন ছাত্র নেতার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে এতে ক্রিকেটার হিসেবে পর্দায় হাজির হবেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছেন এ অভিনেত্রী। শুটিং শুরুর আগে হায়দরাবাদে একটি ক্রিকেট ক্লাবের অধীনে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
ডিয়ার কমরেড সিনেমাটি পরিচালনা করছেন ভারত কামা। দুলকার সালমান অভিনীত মালায়ালাম ভাষার কমরেড ইন আমেরিকা সিনেমার রিমেক এটি। আগামী বছরের মাঝামাঝি তেলেগু ভাষার পাশাপাশি তামিল ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান বিজয়। সিনেমাটিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদের জয় মন করেন তিনি। এমনকি হিন্দি ও তামিল ভাষায় সিনেমাটির রিমেক হচ্ছে। চলতি বছর তার অভিনীত গীতা গোবিন্দম ও ট্র্যাক্সিওয়ালা সিনেমাটি দুটি বেশ সাড়া ফেলেছে।

