বিনোদন ডেস্ক : সম্পত্তি বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। গতকাল বুধবার বাহুবলি সিনেমাখ্যাত এ অভিনেতা হায়দরাবাদ উচ্চ আদালতে অভিযোগ করেছেন, তেলেঙ্গানা রাজ্যের সেরিলিঙ্গামপরি বিভাগের রাইদুরগামে অবস্থিত তার জমি বাজেয়াপ্ত করেছে স্থানীয় রেভিনিউ কর্তৃপক্ষ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাসের পুরো নাম উপালাপতি ভেঙ্কাটা সত্যনারায়ণ প্রভাস রাজু। এ অভিনেতা তার পিটিশনে জানিয়েছেন, ২০০৫ সালে তিনি জমিটি কিনেছেন এবং ২০০৬ সালে এটির রেগুলারাইজেশনের জন্য ১ কোটি রুপির অধিক দিয়েছেন। কিন্তু গত সপ্তাহে রেভিনিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, জমিটির রেগুলারাইজেশন আবেদন এখনো প্রক্রিয়াধীন এবং তারা সেখানে অবস্থিত এ অভিনেতার গেস্টহাউসটি বিনা নোটিশে ভেঙে ফেলার চেষ্টা করে।
জমিটি এক সময় হায়দরাবাদের প্রভাবশালী ‘পাইগাহ’ পরিবারের ছিল। এ পরিবারের বংশধর ও রাজ্য সরকারের মধ্যে জমির মালিকানা নিয়ে অনেকদিন থেকেই আইনি লড়াই চলছে। এর আগে বিভিন্ন ডিভিশন বেঞ্চে এর শুনানি হয়েছে। গতকাল এ বিষয়ে শুনানি হলে প্রভাসের বিষয়টিও এর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আদালত।
এর আগে এ প্রসঙ্গে স্থানীয় ডেপুটি কালেকটর বাসু চন্দ্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সম্প্রতি সুপ্রীম কোর্ট রায় দিয়েছেন, রাইদুরগামে ভূমি জরিপ নম্বর : ৪৬ অনুযায়ী ৮৪ একর জমি রাজ্য সরকারের। রায় অনুসারে, ভূমি জরিপের আওতায় যে সকল জমি পড়েছে তা আমরা শনাক্ত করছি এবং আমাদের আওতায় নিচ্ছি। এই জরিপের আওতায় প্রভাসের বাড়িটিও পড়ায় আমরা এটি বাজেয়াপ্ত করেছি।’
প্রভাসের পরবর্তী সিনেমা সাহো। সিনেমার মোট বাজেট প্রায় ৩০০ কোটি। এটির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন ট্রান্সফরমার্স (২০০৭) ও ডাই হার্ড (১৯৮৮) সিনেমাখ্যাত কেনি বেটস। এটি পরিচালনা করছেন সুজিত। প্রভাস ছাড়াও এতে অভিনয় করছেন- শ্রদ্ধা কাপুর, অর্জুন বিজয়, চাংকি পান্ডে, নীলি নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ প্রমুখ। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

