বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর ও সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। অনেকদিন আগে থেকেই বলিউডে তাদের অভিষেক নিয়ে আলোচনা চলছিল। অবশেষে চলতি বছর রুপালি জগতে পা রাখেন জানভি-সারা।
গত ২০ জুলাই মুক্তি পায় জানভি অভিনীত প্রথম বলিউড সিনেমা ধড়ক। সাড়া জাগানো মারাঠি ভাষার সাইরাত সিনেমার রিমেক এটি। এতে জানভির বিপরীতে অভিনয় করেন শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।
এদিকে গত ৭ নভেম্বর মুক্তি পায় সারা আলী খানের প্রথম সিনেমা কেদারনাথ। অভিষেক কাপুর পরিচালিত সিনেমাটিতে সারা বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন সাইফ কন্যা।
বক্স অফিসে বিশ্লেষকদের তথ্যমতে, ৩৫ কোটি রুপি বাজেটের ধড়ক সিনেমাটির ভারতীয় বক্স অফিসে মোট আয় ৭১.৯২ কোটি রুপি। এর মধ্যে দ্বিতীয় সপ্তাহ শেষে ৬০ কোটি রুপির অধিক আয় করেছিল সিনেমাটি। এছাড়া চলতি বছরের সবচেয়ে লাভজনক সিনেমার মধ্যে রয়েছে এটি। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহ শেষে কেদারনাথ সিনেমার আয় ৫৭.৪৪ কোটি রুপি।
শুধু তাই নয়, আগামী শুক্রবার থেকে ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে জিরো, কেজিএফ’র পাশাপাশি একাধিক আলোচিত দক্ষিণী ভারতীয় সিনেমা মুক্তি পাচ্ছে। সেদিক থেকে আয়ের দিক থেকে কেদারনাথ আর বেশি দূর আগাতে পারবে না বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
জানভির পরবর্তী সিনেমা তখত। ধর্মা প্রোডাকশন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন করন জোহর। এতে আরো অভিনয় করবেন- অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। এছাড়া ভারতীয় ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকে নিয়ে নির্মিত সিনেমায় জানভিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
সারার পরবর্তী সিনেমা সিম্বা। তেলেগু ভাষার টেমপার সিনেমার রিমেক এটি। এতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

