স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের তালিকায় নাম লেখালেন থমাস ভারমালেন। সদ্য পাওয়া এ চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে কাতালান ক্লাবটির এ বেলজিয়ান ডিফেন্ডারকে।
মেসির হ্যাটট্রিকে রোববার লা লিগায় লেভান্তের মাঠে উড়ন্ত জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে ব্লুগ্রেনারা বড় ব্যবধানে জয় পেলেও চোট নিয়ে মাঠে ছেড়েছেন চলতি মৌসুমে লিগে মাত্র তৃতীয় বারের মতো মাঠে নামা ভারমালেন। ৫২তম মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে তার ডান পায়ের পেশি ছিড়ে গেছে।
এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ায় বার্সার হয়ে পরের পাঁচ ম্যাচে খেলতে পারবেন না ভারমালেন। আগামী শনিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে এ বছরে শেষ ম্যাচ খেলবে বার্সা। এরপর জানুয়ারিতে গেটাফে ও এইবারের বিপক্ষে লিগ ম্যাচের পাশাপাশি কোপা দেল’রেতে দুই লেগে লেভান্তের বিপক্ষে লড়বে আর্নেস্তো ভালভার্দের দলটি।
চোট যেন পিছুই ছাড়ছে না ভারমালেনের।এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এবার পেশিতে পাওয়া চোটের কারণে আরো চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

