লক্ষ্মীপুর সংবাদদাতা : বিবাহিত যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টাকালে বিষপানে আত্মহত্যা করেছে লক্ষ্মীপুরের এক স্কুলছাত্রী।হতভাগ্য এই স্কুলছাত্রীর নাম ইয়াসমিন আক্তার। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ইয়াসমিন আক্তার সৈয়দপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং সৈয়দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, স্কুলছাত্রী ইয়াসমিনের ফুফাতো ভাই প্রবাসী মো. রাশেদের সাথে তার বিয়ে দিতে উঠে পড়ে লাগেন তার বাবা। কিন্তু বিয়েতে রাজি ছিল না ওই ছাত্রী। এ ঘটনার জের ধরে গত সোমবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই স্কুলছাত্রী। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। মরদেহটি নিজ বাড়িতে আনা হলে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
এলাকাবাসী জানান, প্রবাসী মো. রাশেদ উপজেলার মান্দারী ইউনিয়নের সমাষপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি এরআগেও বিয়ে করেছেন। প্রায় ৩ বছর আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসানুল কবির রিপন বলেন, ‘মেয়েটির বাবা ইসমাইল হোসেন জানিয়েছেন পড়ালেখার বিষয়ে বকাঝকা করায় সে বিষ পান করেছে। কিন্তু স্থানীয়দের থেকে জানা গেছে, তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ের জন্য তাকে চাপ সৃষ্টি করলে অভিমান করে সে বিষপান করে।’
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

