গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ইয়াছিন শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। সোমবার সকালে মুকসুদপুরের বড়ইতলা এলাকার বাটিকামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন শেখ মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, সকালে মোটরসাইকেলে করে নওহাটা থেকে বড়ইতলা যাচ্ছিলেন ইয়াছিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস বাটিকামারী পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খায়।
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ইয়াছিন মারা যান। এতে তিনজন আহত হন। পুলিশ হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মারাত্মক আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

