গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পৃথক ঘটনায় গ্যাসের আগুনে এক নারী নিহত এবং স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শনিবার রাতে সিটি কর্পোরেশনের চান্দনা এলাকায় এবং রোববার ভোরে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার বড়ইতলী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম হাসিনা আক্তার (৩৭)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
দগ্ধরা হলেন- নওগাঁর মান্ডা থানার সুদিপুর এলাকার আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নিপা আক্তার (২৪)। তারা বড়ইতলী এলাকার মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থাকেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, হাসিনা আক্তার মানসিক বিকারগ্রস্ত ছিলেন। রাত ১০টার দিকে বাসার রান্না ঘরে ধোঁয়া দেখে লোকজন সেখানে গিয়ে তাকে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় দেখতে পায়। রান্না ঘরের গ্যাসের চুলার আগুনে তিনি দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধারকারী গোলাম রাব্বানী জানান, কালিয়াকৈরের বড়ইতলী এলাকায় ভাড়া থেকে আশরাফুল রিকশা চালান এবং নিপা পোশাক কারখানায় কাজ করেন। ভোর ৫টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হন। এ সময় তাদের ঘরে আগুন ধরে গেলে স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। দগ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

