গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার আমরাইদ বাজারের গরুর হাটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত আটজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মোন্তাজ উদ্দিন (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকার আকমত আলীর ছেলে।
গরুর হাটের ইজারাদার মো. জাহাঙ্গীর আলম জানান, দুপুরে এলাকায় বৃষ্টি শুরু হয়। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড, দুইজনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

