লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হাজির হাট এলাকায় বালুভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ইব্রাহীম স্থানীয় জাবালুন নূর কওমি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ও শাকচর ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালুভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০৩৪) ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

