ফেনী প্রতিনিধি : ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জেলায় সেচ প্রকল্প, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানাসহ অন্যান্য স্থাপনা এবং গ্রামীণ জনগণের মাঝে দ্রুত বিদ্যুৎ সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জনজীবনে বহুমুখী উন্নয়নের প্রসার ঘটিয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের অভিযোগ দ্রুত নিরসন, সিস্টেম লস হ্রাস, বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ, বিদ্যুৎ চুরি রোধ, দ্রুত সংযোগ প্রদান, দৈনন্দিন ব্যয় হ্রাস, শুদ্ধাচার ইত্যাদির মাধ্যমে স্বচ্ছ ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফেনীতে ১৯৮৪ সালে এ সমিতি পল্লী বিদ্যুতের কার্যক্রম শুরু করে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ উপকেন্দ্রের ক্ষমতা ২০০/২৫২ এমভিএ। সমিতি এ পর্যন্ত ১৩ উপকেন্দ্রের মাধ্যমে ছয় হাজার ১৮০ কি.মি. বিদ্যুৎ লাইনের সাহায্যে সাড়ে তিন লাখ বিভিন্ন শ্রেণির গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক তিন লাখ ১০ হাজার, বাণিজ্যিক গ্রাহক ৩০ হাজার ৭৯৫। সেচ ব্যবস্থায় দুই হাজার ৮১ (৭৮টি গভীর নলকূপ, ২,১৬৮ অগভীর নলকূপ ও ৫৫৫ এলএলপি), শিল্পে দুই হাজার ৫৮০ এবং সিআই ও অন্যান্য পাঁচ হাজার ২৩১ গ্রাহক রয়েছে। এরইমধ্যে এ পবিসের আওতায় ছয় উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে এবং পাঁচ উপজেলা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। অবশিষ্ট একটি উপজেলা (ফেনী সদর) প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় আছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এই অঞ্চলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং কৃষকের ঘরে এখন অভাব না থাকার পেছনে এ সমিতির ভূমিকা রয়েছে। ফেনীর গ্রামাঞ্চলে হাঁস-মুরগির খামার, গরু-ছাগল প্রতিপালন, ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করে অনেকে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়েছেন।
শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিঝুম পল্লী এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর ফলে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিল্প কারখানা স্থাপিত হওয়ার ফলে বহু লোকের কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্ব কমায় জনগণ আর্থিকভাবে সফলতা লাভ করছে। এছাড়াও বিদ্যুতের আলোতে ঘরে ঘরে কুটির শিল্পের প্রসার হয়েছে। মানুষ ঘরে বসে বিছানা পাটি তৈরি, নকশীকাঁথা সেলাইসহ বহুবিদ কুটির শিল্পের কাজ করে স্বাবলম্বী হচ্ছে।
ডিজিটালাইজেশনের মাধ্যমে এখন ঘরে ঘরে মোবাইল ফোনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক প্রসার লাভ করেছে। মানুষ অনলাইনে ঘরে বসে আবেদন করে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে এবং এসএমএসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে। বিদ্যুৎ সুবিধার কারণে সেবা খাত এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে এসেছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, ফেনীর জনগণ নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাচ্ছে। সুষ্ঠু বিদ্যুতায়ন নিশ্চিত হওয়ায় এ জেলায় শিল্প-কারখানার ব্যাপক প্রসার হয়েছে এবং কৃষিতে বিদ্যুৎ সুবিধার কারণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও ফেনীতে পল্লী বিদ্যুতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এর আগে মিজানুর রহমান যেসব পল্লী বিদ্যুৎ সমিতিতে দায়িত্ব পালন করেছেন সেগুলোতেও উন্নয়ন ও সুষ্ঠু বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিল্প প্রতিষ্ঠন, কৃষি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও এর উন্নয়নে তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ফেনীর অনেকেই।

